ওমানের উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলার পর ১৪ জন ভারতীয় নাবিকের মধ্যে ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। তবে একজন নাবিক এখনো নিখোঁজ রয়েছেন। ইরাকি বার্তাসংস্থা শাফাক নিউজ এ খবর প্রকাশ করেছে।

রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিখোঁজ নাবিকের সন্ধান ও উদ্ধার তৎপরতায় ওমানে থাকা ভারতীয় দূতাবাস ওমানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে। মন্ত্রণালয় বাণিজ্যিক জাহাজ, নাবিক, বেসামরিক মানুষ ও বেসামরিক অবকাঠামোয় হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলেও মন্তব্য করেছে।

এমটি এল গাইয়া নামের জাহাজটিতে হামলার বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো তথ্য দেয়নি। জাহাজটি পানামার পতাকাবাহী এবং ২০০৫ সালে নির্মিত।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সংস্থা জানায়, হরমুজ প্রণালিতে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো নিক্ষিপ্ত বস্তু আঘাত হানলে জাহাজটিতে আগুন ধরে যায়, যার ফলে নাবিকেরা সেটি ছেড়ে যেতে বাধ্য হন।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, কিশম দ্বীপের কাছে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত ও চারজন নাবিক আহত হয়েছেন। জলপথের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ১৪ সেপ্টেম্বর ওমানে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের বৈঠক হওয়ার কথা রয়েছে।