পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বিভিন্ন অনিয়ম ও গঠনতান্ত্রিক ত্রুটির অভিযোগে ২৫২টি মাদ্রাসা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে আরও ১০০টি মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটি আদিবাসী ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের দীর্ঘ তদন্তের পর নেওয়া হয়েছে।

রাজ্যের ২২টি জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে তথ্য সংগ্রহের জন্য জেলা প্রশাসনের পাশাপাশি বিশেষ পরিদর্শক দল গঠন করা হয়। তারা সরাসরি গিয়ে শিক্ষক-ছাত্রের সংখ্যা, উপস্থিতি, প্রাতিষ্ঠানিক পরিকাঠামো এবং অর্থের উৎসসহ বিভিন্ন বিষয় যাচাই করে। এই রিপোর্টের ভিত্তিতে ২৫২টি মাদ্রাসার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। তবে নিয়ম মেনে পরিচালিত মাদ্রাসাগুলোর কার্যক্রম অব্যাহত থাকবে।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, অতীতে কিছু শিক্ষকের বিরুদ্ধে উগ্রপন্থা ও জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগগুলো খতিয়ে দেখে এবং নতুন তদন্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৬১৪টি সরকার অনুমোদিত মাদ্রাসা রয়েছে, যার মধ্যে ৪২৩টি হাই মাদ্রাসা, ৮৯টি জুনিয়র হাই মাদ্রাসা এবং ১০২টি সিনিয়র মাদ্রাসা অন্তর্ভুক্ত। এই প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক সাধারণ শিক্ষারও ব্যবস্থা রয়েছে।