ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঠদানের মান, পেশাদারিত্ব ও একাডেমিক আচরণ নিয়ে শিক্ষকদের মূল্যায়ন শুরু করেছেন। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) চালু করেছে ‘ডিইউ ইভাল্যুয়েশন’ নামের একটি ওয়েবসাইট, যেখানে শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের রেটিং দিচ্ছেন। এই মূল্যায়নের ভিত্তিতে কিছু শিক্ষক ৫-এর মধ্যে ৫, আবার কিছু শিক্ষক ১ বা ২ রেটিং পেয়েছেন।

ডাকসুর এই উদ্যোগকে স্বাগত জানালেও অনেক শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসন এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, শিক্ষক মূল্যায়ন ডাকসুর এখতিয়ারে পড়ে না এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নীতিমালা রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, মূল্যায়ন ব্যবস্থা চালুর জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষা বিশ্লেষকরা বলছেন, উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক মূল্যায়ন প্রচলিত। তারা মনে করেন, ডাকসুর উদ্যোগটি ভালো হলেও বিতর্ক সৃষ্টি করতে পারে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে স্বচ্ছভাবে শিক্ষকদের বিষয়ে ছাত্রদের মতামত নেওয়ার একটি পদ্ধতি থাকা প্রয়োজন।

গত বৃহস্পতিবার ডাকসু ভবনে সংবাদ সম্মেলন করে ওয়েবসাইটটির উদ্বোধন করা হয়। ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া জানিয়েছেন, তিন মাসের মূল্যায়ন ও মতামতের ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করা হবে, যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া হবে।

শিক্ষার্থীরা ওয়েবসাইটে শিক্ষকদের মূল্যায়নের জন্য ১৫টি নির্দিষ্ট বিষয় উল্লেখ করেছেন, যেমন শিক্ষাদান পদ্ধতি, শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা, এবং পেশাদারিত্ব। মূল্যায়নকারীর পরিচয় গোপন রাখা হচ্ছে। গত শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৯৬টি বিভাগের ২ হাজার ৪৫ শিক্ষকের বিষয়ে ৪ হাজার ৮৭৯ জন শিক্ষার্থী মূল্যায়ন করেছেন।