জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল অনুষ্ঠানে হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে আয়োজিত নির্বাচনের অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

অনুষ্ঠান চলাকালে দুই পক্ষের মধ্যে হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, দুই পক্ষ একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে উভয় পক্ষের পরিচয় জানা যায়নি।

ছাত্রশক্তি নেতা খান তালাত মাহমুদ রাফি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তিনি উভয় পক্ষের মধ্যে মীমাংসার চেষ্টা করেন। কেন্দ্রীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসিসর চৌধুরী বলেন, ‘এখানে হাতাহাতির কোনো ঘটনা ঘটেনি। কথা-কাটাকাটি হওয়ার পর দুজনকে দুদিকে নিয়ে যাওয়া হয়।’

তিনি আরও জানান, ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য ছাত্রশক্তির নেতৃবৃন্দ দুঃখ প্রকাশ করেছেন। তবে ঘটনাটিকে হাতাহাতি হিসেবে প্রচার করা হচ্ছে, যা বাস্তবে ঘটেনি।’