চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হলেও একদিন আগে তাকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে জানিয়েছে, জিজ্ঞাসাবাদে তিনি মামলার গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন।
সিআইডি দাবি করেছে, মামলার ঘটনার সঙ্গে ডনের জড়িত থাকার বিষয়ে বেশ কিছু তথ্য-প্রমাণ পাওয়া গেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রিমান্ড শেষে ডনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান।
আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করা হয়, সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ডন। ১৯৯২ থেকে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পর্যন্ত তার সঙ্গে একাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। মামলার এজাহারে থাকা পলাতক আসামিদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি তাদের চেনেন বলে স্বীকার করলেও ঘটনার বিষয়ে অনেক তথ্য গোপন করেছেন।
সিআইডি বলছে, ঘটনার আগে, সময় ও পরে ডনের আচরণ বিশ্লেষণ করে মামলার সঙ্গে তার জড়িত থাকার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তদন্তের স্বার্থে প্রয়োজনে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে।
গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের ফ্ল্যাটে সালমান শাহ মারা যান। তার মৃত্যু নিয়ে প্রথমে অপমৃত্যুর মামলা হয়, পরে হত্যা অভিযোগে মামলা রূপান্তরের আবেদন করা হয়।