উত্তর কোরিয়া ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য একটি নতুন দুই তলাবিশিষ্ট কেন্দ্র নির্মাণ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থার প্রধান এই পদক্ষেপকে গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন।

নবনির্মিত কেন্দ্রটি উত্তর কোরিয়ার প্রধান পরমাণু কমপ্লেক্স ইয়ংবিয়নের অংশ। আইএইএ জানিয়েছে, ভবনটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজে ব্যবহৃত ২৮টি সেন্ট্রিফিউজ ক্যাসকেড বসানোর সক্ষমতা রয়েছে। গত মাসের শেষের দিকে প্রকাশিত প্রতিবেদনে আইএইএ বলেছে, পিয়ংইয়ং অন্য একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে নতুন সম্প্রসারিত ভবনের কার্যক্রমও শুরু করেছে।

পর্যবেক্ষকরা বলছেন, এসব তথ্য প্রমাণ করে যে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করেই উত্তর কোরিয়া ক্রমাগত পরমাণু অবকাঠামো সম্প্রসারণ করছে। ২০০৯ সালে পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের বহিষ্কার করার পর থেকে উত্তর কোরিয়ায় সংস্থাটির সরাসরি কোনো উপস্থিতি নেই।

আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি চলতি সপ্তাহের শুরুর দিকে এক বিবৃতিতে বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির ধারাবাহিকতা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর স্পষ্ট লঙ্ঘন। তিনি চলতি বছরের জুনে প্রথমবারের মতো এই ভবনের অস্তিত্বের কথা প্রকাশ করেন।

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন ৩ জুন একটি নবনির্মিত পারমাণবিক উপাদান উৎপাদন কারখানা পরিদর্শন করেন। তিনি বলেন, এটি আরো বড় ধরনের সামরিক ও কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের পথ সুগম করবে। আন্তর্জাতিক এক গবেষণা প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী, উত্তর কোরিয়া প্রতি বছর পারমাণবিক কর্মসূচিতে প্রায় ৬৪০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করছে।