সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে ভবনের নিরাপত্তাকর্মী এনাম আহমেদকে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে গ্রেফতার করা হয়। সাড়ে ১৩ বছর কারাগারে কাটানোর পরও তার বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। এনামের পরিবার তার মুক্তি দাবি করেছে।

নিহত সাংবাদিক মেহেরুন রুনির ভাই নওশের আলম রোমান বলেন, এনামকে জামিন দিয়ে মুক্তি দেওয়া হোক এবং তার চিকিত্সার ব্যবস্থা করা হোক। তিনি সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে সঠিক তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

সম্প্রতি পিবিআই ঢাকা মেট্রো উত্তর বিভাগের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এনাম আহমেদের বিরুদ্ধে সাগর-রুনি হত্যায় জড়িত থাকার কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। ২২ এপ্রিল কাশিমপুর ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হয়, তবে তিনি সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি।

কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দীর্ঘ বন্দিত্বের কারণে এনাম মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন এবং তাকে আলাদা একটি ওয়ার্ডে রাখা হয়েছে। তার দ্রুত চিকিত্সার প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এনামের মা ফাতেমা বেগম বলেন, তদন্তের দীর্ঘ সময়েও তার বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হয়নি।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের একটি ফ্ল্যাট থেকে সাগর সরওয়ার ও মেহেরুন রুনির মরদেহ উদ্ধার করা হয়। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় এ পর্যন্ত ১১২ বার পিছিয়েছে।