তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান সোমবার আংকারায় মন্ত্রিসভার বৈঠক শেষে ইসরাইলকে সতর্ক করে বলেছেন, তুরস্ককে ঘিরে কোনো শত্রুতামূলক তৎপরতা মেনে নেওয়া হবে না।

এরদোয়ান বলেন, তুরস্কের শান্ত ও সংযত অবস্থানকে দুর্বলতা হিসেবে দেখা উচিত নয়। তিনি উল্লেখ করেন, স্বাধীন, স্থিতিশীল ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে তুরস্কের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের জন্য ইসরাইলকে দায়ী করে এরদোয়ান বলেন, ইসরাইলের কর্মকাণ্ডের খেসারত শুধু ইরান ও উপসাগরীয় দেশগুলোকে দিতে হচ্ছে না, এর প্রভাব পুরো অঞ্চলের ওপর পড়ছে।

তিনি আরও বলেন, শান্তির সম্ভাবনাকে যারা হুমকি হিসেবে দেখে, সেই ‘চরমপন্থি মানসিকতা’ পরিবর্তন না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যের সংকটের সমাধান হবে না।

এরদোয়ানের বক্তব্যের প্রেক্ষাপটে, তিনি সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সঙ্গে সম্পর্ক আরও জোরদারের ঘোষণা দেন এবং তুরস্কের অর্থনীতিকে স্থিতিশীল রাখার প্রতিশ্রুতি দেন।