নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ বছরের শিশু ভাতিজা রিফাত হোসেনকে অপহরণ করে হত্যার মামলায় চাচা মাসুম বিল্লাহকে (২৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক এ কে এম রকিবুল হাসান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত মাসুম বিল্লাহ পিরোজপুরের নেছারাবাদ থানার বলদিয়া এলাকার মো. জাকির হোসেনের ছেলে। তিনি নারায়ণগঞ্জের দক্ষিণ রূপসী এলাকায় বসবাস করতেন। নিহত রিফাত হোসেন একই এলাকার রাসেল মোল্লার ছেলে এবং স্থানীয় কাজী মহিউদ্দিন মডেল হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩১ মার্চ রমজান মাসে রোজা রেখে জোহরের নামাজ আদায়ের জন্য বাসা থেকে বের হয় রিফাত। এ সময় চাচা মাসুম বিল্লাহ তাকে অপহরণ করেন এবং পরে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। রিফাতের মা মুক্তিপণের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের পর মাসুম বিল্লাহ তার গ্রামের বাড়ি পিরোজপুরে চলে যান এবং সেখানে গিয়ে নেছারাবাদ থানায় আত্মসমর্পণ করেন। পরে তিনি হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মানিক মিয়া জানান, রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।