ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে বাঁধন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিওবার্তায় এ অভিযোগ করেন।

বাঁধন জানান, স্থানীয় একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা করেন। তিনি দাবি করেন, হামলাকারীরা তাকে শারীরিকভাবে আঘাত করেছে এবং তার মোবাইল ফোনও ছুড়ে ফেলা হয়েছে। ঘটনার সময় তার ভাইয়ের শিশুসন্তানও সঙ্গে ছিল।

ভিডিওবার্তায় বাঁধন বলেন, হামলাকারীরা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন এবং সেই দৃশ্য ভিডিও করেন। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে গালাগালও করেছেন।

বাঁধন বলেন, “আমি ভেনিস উৎসবে যে সিনেমাটি নিয়ে এসেছি, সেটির পরিচালক রুবাইয়াত হাসানের বাবা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন। আপনাদের এ ধরনের অসংলগ্ন আচরণ থেকে বের হয়ে আসা উচিত ছিল।” তিনি আরও জানান, তার গায়ে হাত তোলা হয়েছে এবং তার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে।

বাঁধন সজীব ওয়াজেদ জয়কে বিষয়টি জানানোর অনুরোধ জানিয়ে বলেন, “আশা করি আপনারা তার কাছে বিষয়টি পৌঁছে দেবেন।”