পটুয়াখালীর বাউফলে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো বর্তমানে গবাদিপশুর গোয়ালঘরে পরিণত হয়েছে। দরিদ্র ও ভূমিহীন মানুষের জন্য নির্মিত এই ঘরগুলো দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

কাছিপাড়া ইউনিয়নের ছত্রকান্দা এলাকায় সরেজমিনে দেখা যায়, প্রকল্পের অধিকাংশ ঘরের দরজা-জানালা তালাবদ্ধ। কিছু ঘরের জানালা খড়কুটো দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। ব্যবহৃত না হওয়ায় ঘরের অবকাঠামো নষ্ট হতে শুরু করেছে।

স্থানীয়দের দাবি, ছত্রকান্দা আশ্রয়ণ প্রকল্পে মোট ২২টি ঘর রয়েছে, এর মধ্যে ২১টি ঘরে কেউ বসবাস করেন না। একটি ঘরে একজন উপকারভোগীর থাকার কথা থাকলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

স্থানীয় নাসির উদ্দিন অভিযোগ করেন, কিছু ব্যক্তি প্রকল্পের ঘরগুলো দখলে রেখেছেন এবং সাধারণ মানুষ সেখানে যেতে পারছেন না। তিনি বলেন, ‘ঘরগুলোতে গরু-ছাগল রাখায় নোংরা হয়ে আছে। যাদের জন্য সরকার ঘর দিয়েছে, তারা সেখানে থাকেন না।’

অন্যদিকে, আব্বাস প্যাদা ও মকবুল প্যাদা অভিযোগ অস্বীকার করে বলেন, বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিরা সেখানে বসবাস করেন না। তারা জানান, অসামাজিক কার্যকলাপের কারণে নিজেদের উদ্যোগে চারটি ঘরে তালা দিয়েছেন।

বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু বলেন, ‘যেসব ঘর খালি রয়েছে, সেগুলো যাচাই-বাছাই করা হবে। প্রয়োজন হলে বরাদ্দ বাতিল করে নতুন করে উপকারভোগীদের মধ্যে ঘর বরাদ্দ দেওয়া হবে।’