ফেনীর পরশুরামে স্ত্রীকে গোখরা সাপে কামড় দিলে সেটিকে মেরে হাসপাতালে নিয়ে গেছেন স্বামী জাফর আহমদ। আহত ছকিনা আক্তার (৬০) পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মির্জানগর ইউনিয়নের পূর্ব সাহেবনগর গ্রামে এ ঘটনা ঘটে। জাফর আহমদ জানান, সকাল ১১টার দিকে তার স্ত্রী ছকিনা বেগম ঘরের বাইরে মোবাইল ফোনে এক আত্মীয়ের সঙ্গে কথা বলছিলেন। কথা বলতে বলতে তিনি একটি ছোট লাঠি দিয়ে মাটি খোঁচাতে থাকেন। এ সময় একটি সাপ তাকে দংশন করে।

জাফর আহমদ বলেন, তিনি চিৎকার শুনে ছুটে গিয়ে সাপটি খুঁজতে থাকেন এবং একপর্যায়ে ঝোপের ভেতর দেখতে পেয়ে লাঠি দিয়ে মেরে একটি ব্যাগে করে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের চিকিৎসকরা সেটিকে বিষধর গোখরা সাপ হিসেবে শনাক্ত করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সাপে কাটা ছকিনা বেগমকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে ভর্তি করেন। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (অরএমও) ডা. ইফতেখার হাসান ভূঁইয়া জানান, সাপে দংশনের পর রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিষক্রিয়ার লক্ষণ দেখা দিলে প্রয়োজন অনুযায়ী অ্যান্টিভেনম ভ্যাকসিনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর টেটেশ্বর এলাকায় শাফায়েত হোসেন রাফাত (৩) নামে এক শিশুও গোখরার দংশনের শিকার হয়। পাঁচদিনের ব্যবধানে উপজেলায় আবারও সাপের দংশনের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।