মনোহরদীতে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক :

 

নরসিংদীর মনোহরদীতে বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অপপ্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে কাজী শরিফুল ইসলাম শাকিল নামে এক ব্যক্তির বিচার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে মনোহরদী উপজেলার বিভিন্ন স্থান ঘুরে মুক্তিযোদ্ধা, তাদের পরিবার ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বক্তারা বলেন, “যে ব্যক্তি স্বাধীনতার মহান যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মান নষ্ট করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালায়, মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করে—তার বিচার হওয়া উচিত। এ ধরনের কর্মকাণ্ড জাতির জন্য লজ্জাজনক।”

 

তারা আরও বলেন, “মুক্তিযোদ্ধারা এই দেশের গর্ব। তাদের বিরুদ্ধে অপপ্রচার মানে দেশ ও স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র।”

 

বিক্ষোভ শেষে উপস্থিতরা কাজী শরিফুল ইসলাম শাকিলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।