সৌদি আরবে আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজার ১৬৫ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ১২ হাজার ৩৬৩ জনকে দেশটি থেকে ফেরত পাঠানো হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের বরাতে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে যৌথ অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৭ হাজার ১২১ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৬৩৬ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৪০৮ জন রয়েছেন।

এ ছাড়া সৌদিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৩১৫ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ৪১ শতাংশ ইয়েমেনের নাগরিক এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। দেশ থেকে অবৈধভাবে বের হওয়ার চেষ্টার সময় আরও ৪২ জনকে আটক করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ১৮ হাজার ৯৩৭ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। আরও ৩ হাজার ২৪০ জনকে ভ্রমণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পাঠানো হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে কাউকে দেশে প্রবেশে সহায়তা করা, পরিবহন, আশ্রয় বা অন্য কোনো ধরনের সহযোগিতা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।