সিলেটের জকিগঞ্জে একটি বসতঘর থেকে মা ও তার চার বছরের মেয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়ায় এ ঘটনা ঘটে। জকিগঞ্জ থানার ওসি মো. আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করা হবে।

নিহতরা হলেন রতন দাশের স্ত্রী চম্পা রাণী দাশ (৩৫) ও তার চার বছরের মেয়ে হৃদি দাশ। পুলিশ জানিয়েছে, চম্পা গর্ভবতী ছিলেন। নিহতদের স্বজনরা জানান, তাদের নিজ বাড়ির একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হলেও পরিবারের সদস্যরা নিশ্চিত নন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী সাংবাদিকদের বলেন, সন্ধ্যার দিকে চম্পা রাণী ও তার মেয়েকে একই সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

তিনি বলেন, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক এবং নারীর গর্ভবতী হওয়ার খবরটি জানার পর স্থানীয়রা উদ্বিগ্ন। কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি।