গাজীপুরের কলেজছাত্র সিফাত আব্দুল্লাহ অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন ভাষা ব্যবহার করেন। এই ঘটনায় সমালোচনার পর সিফাতকে গ্রেপ্তার করা হয় এবং সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

সিফাত তার ভিডিওতে দাবি করেন, গত দুই মাসে প্রায় ১০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, ‘এক মাসের বিদ্যুৎ বিল একটা পুরো পরিবারকে জিম্মি কইরা ফেলবো?’

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ তদন্ত করে সিফাতের পরিবারের বিদ্যুৎ সংযোগ ও বিলের বিস্তারিত হিসাব তুলে ধরে। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, সিফাতের পিতার নামে তিনটি আবাসিক বিদ্যুৎ মিটার রয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের মে থেকে আগস্ট পর্যন্ত তিনটি মিটারে মোট ২ হাজার ৮০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়েছে, যার বিপরীতে মোট বিল এসেছে ১৬ হাজার ২৭৩ টাকা। তবে তদন্তের সময় পরিবারের পক্ষ থেকে বৈদ্যুতিক সরঞ্জামের তালিকা দিতে অস্বীকৃতি জানানো হয়।

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা মনে করছেন, সিফাতের অভিযোগ মূল্যায়নের জন্য তিনটি মিটারের ব্যবহার ও বিলের হিসাব একসঙ্গে বিবেচনা করা প্রয়োজন। সিফাতের অভিযোগ এবং তদন্ত প্রতিবেদনের মধ্যে পার্থক্য থাকায় বিষয়টি নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।