মসজিদের জমি দখল ও মাটি বিক্রির অভিযোগ

প্রতিবাদ করায় হামলা-হয়রানির আশঙ্কা, ভবনে ফাটল

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে মসজিদ ও মাদ্রাসার জমি দখল, জমি থেকে মাটি কেটে বিক্রি, চলাচলের রাস্তা বন্ধ এবং প্রতিবাদ করায় হামলা ও হয়রানির হুমকির অভিযোগ উঠেছে মাসুদ মাস্টার ও তার বড় ছেলে আতাউর রহমান সোহেলের বিরুদ্ধে। এসব অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মসজিদের নামে থাকা জমির একটি অংশের প্রায় চার শতাংশ জায়গা দখলের উদ্দেশ্যে মাটি কেটে বিক্রি করা হয়েছে। মাটি কাটার ফলে সেখানে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। এতে পাশের বসতবাড়ি ও ভবনের নিরাপত্তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় খলিল মিয়া অভিযোগ করে বলেন, মাটি কাটার কারণে সৃষ্ট গর্তের প্রভাবে তার ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। এতে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় ভবন ধসে পড়ে প্রাণহানির আশঙ্কা রয়েছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

স্থানীয়দের আরও অভিযোগ, বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর ওই স্থানে পুনরায় মাটি ভরাট করে জমি বিক্রির চেষ্টা চলছে। তবে জমির প্রকৃত মালিকানা ও সীমানা নিয়ে বিরোধ থাকায় স্থানীয়রা প্রশাসনের মাধ্যমে সরেজমিন তদন্তের দাবি জানিয়েছেন।

মসজিদের জমি নিয়ে প্রতিবাদকারী সোহেল মিয়ার ছোট ভাই বলেন, তাদের ফুপু মসজিদের নামে যে জমি দিয়ে গেছেন, সেটি মসজিদের কাছেই ফিরিয়ে দিতে হবে। মসজিদের সম্পত্তি নিয়ে কোনো ধরনের অনিয়ম বা দখল মেনে নেওয়া হবে না।

অন্যদিকে স্থানীয় জাহিদুল অভিযোগ করেন, তার জমি আত্মসাতের উদ্দেশ্যে রাস্তা চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা ভোগান্তিতে পড়েছেন বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে সংশ্লিষ্ট মসজিদ ও মাদ্রাসার বড় হুজুর মাওলানা আসাদুল্লাহ বলেন, জমিটি দলিল করার সময় আতাউর রহমান সোহেল চাপ সৃষ্টি করে দলিল করে নিয়েছেন বলে তার জানা রয়েছে। তবে জমির মালিকানা ও দলিলের বৈধতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কাগজপত্র পরীক্ষা করা প্রয়োজন বলে জানান স্থানীয়রা।

এদিকে জুয়েল মিয়ার অভিযোগ, মসজিদের জমি নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ ও প্রতিবাদ করায় তাকে তার আপন ছোট ভাই রায়হান হত্যা মামলায় ছয় বছর ধরে জড়ানো হয়েছে। তার দাবি, গত ১৬ আগস্ট আতাউর রহমান সোহেলসহ কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করেন। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে রক্ষা করেন।

প্রতিবেশী জামাল মিয়া বলেন, জুয়েল মিয়ার ওপর হামলার চেষ্টা হলে তারা ঘটনাস্থলে এগিয়ে যান। একপর্যায়ে হামলাকারীর হাত থেকে একটি দেশীয় অস্ত্র নিয়ে নেওয়া হয়। পরে জুয়েল মিয়া বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান বলে দাবি করেন তিনি।

ঘটনার পর জুয়েল মিয়া নরসিংদী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানা গেছে। তার অভিযোগ, মসজিদের জমি মসজিদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি করায় তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। একই সঙ্গে মিথ্যা মামলায় জড়িয়ে বাড়িছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

জুয়েল মিয়ার আরও অভিযোগ, গত ১৬ আগস্ট সোহেল মিয়া ও তার মামা তাকে বাড়ি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছেন। সম্পত্তি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য মামলা দিয়ে হয়রানি করারও হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি তার।

এ ছাড়া বাড়ির বেড়া খুলে দেওয়া, বাড়ির পাশে খোলা টয়লেটের মাধ্যমে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং গরুর গোবর ফেলে বেড়া ও আশপাশের জায়গা নষ্ট ও দুর্গন্ধময় করার অভিযোগও করেন জুয়েল মিয়া। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাকে বাড়ি ছাড়তে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে দাবি তার।

জুয়েল মিয়া জানান, অভিযোগগুলোর প্রতিকার চেয়ে তিনি পরিবেশ অধিদপ্তর ও নরসিংদীর পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি মসজিদের জমির মালিকানা ও সীমানা নির্ধারণ করে প্রকৃত তথ্য উদঘাটন, জমি মসজিদের কাছে ফিরিয়ে দেওয়া এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি

অভিযোগের বিষয়ে আতাউর রহমান সোহেল ও তার বাবা মাসুদ মাস্টারের বক্তব্য জানতে তাদের বাড়িতে গিয়ে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে ওই সময় তাদের কাউকে পাওয়া যায়নি। পরে সোহেল মিয়ার বাড়ির সাইনবোর্ডে থাকা মোবাইল নম্বরে ফোন করে অভিযোগগুলোর বিষয়ে বক্তব্য জানতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি। ফলে তাদের বক্তব্য এ প্রতিবেদনে সংযুক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়রা বলছেন, মসজিদ ও মাদ্রাসার জমি নিয়ে বিরোধ, মাটি কাটার কারণে ভবনের নিরাপত্তাঝুঁকি, রাস্তা চলাচলে প্রতিবন্ধকতা এবং হামলা-হুমকির অভিযোগ—সব বিষয়ই গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে সংশ্লিষ্ট জমির দলিল, খতিয়ান, দাগ নম্বর ও সীমানা যাচাই করে প্রকৃত মালিকানা নির্ধারণ এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।