নীলফামারীর সৈয়দপুরে একটি পুকুর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় দুই যুবক তানভির ও আনসারুল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে পুকুরে গোসল করতে গিয়ে গ্রেনেডটি পানির নিচে দেখতে পান। তারা সেটি তুলে পাড়ে এনে পলিথিনে মুড়িয়ে রাখেন এবং পরে সৈয়দপুর থানায় জানালে পুলিশ সেটিকে খেলনা বলে গুরুত্ব দেয়নি।

এরপর যুবকরা র‍্যাবকে বিষয়টি জানান। খবর পেয়ে র‍্যাব-১৩, নীলফামারীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি উদ্ধার করে। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-১৩ নীলফামারীর স্কোয়াড কমান্ডার এএসপি এ টি এম তৌহিদুল ইসলাম ও কোম্পানি কমান্ডার আশরাফুল কবির।

প্রাথমিকভাবে গ্রেনেডটি তাজা বলে ধারণা করা হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে রংপুর থেকে সার্জেন্ট আব্দুল বারীর নেতৃত্বে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে এসে গ্রেনেডটি নিরাপদে নিষ্ক্রিয় করার উদ্যোগ নেয়।