নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবারের আধিপত্য নিয়ে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তারাবো বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে নাজমুল হোসেন (৩০), নিহাল মিয়া (২১), সাজ্জাদ হোসেন (২০) ও শফিকুল ইসলাম (২৪) রয়েছেন। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ‘কুত্তা শ্রাবণ’ গ্রুপ ও ‘নবী’ গ্রুপের মধ্যে মাদক ব্যবসার আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলছিল।

পুলিশ সুপার হাবিবুর রহমান সংবাদ সম্মেলনে জানান, বৃহস্পতিবার গভীর রাতে দুই গ্রুপের মধ্যে অস্ত্রের মহড়া ও সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে নবী গ্রুপের চার সদস্যকে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আসামিদের শনিবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।