জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি প্রতিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় রিজভী দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার সঙ্গে ছিলেন বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা ও কেন্দ্রীয় অর্থ বিষয়ক সহসম্পাদক মাহমুদুর রহমান সুমন। রিজভী কিছু সময় প্রতিমন্ত্রীর পাশে বসে চিকিৎসক ও পরিবারের সদস্যদের কাছ থেকে তার শারীরিক অবস্থার তথ্য নেন।

এর আগে, শুক্রবার সকালে ঢাকা থেকে জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন প্রতিমন্ত্রী আবুল বারী। দুর্ঘটনায় তিনি ও তার সহধর্মিণী নাজমা আরা বেগম আহত হন।

দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানান, দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর ডান ও বাম পায়ে এবং বুকে আঘাত লেগেছে।