স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের আগমনের খবর ছড়িয়ে পড়ার পর সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাতেই শুরু হয়েছে ব্যাপক ধোয়া-মোছা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। পরিচ্ছন্নতাকর্মীরা হাসপাতালের বিভিন্ন স্থান ঝাড়ু দেওয়া, মেঝে পরিষ্কার করাসহ নানা প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েন।

জানা গেছে, শুক্রবার সকালে মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির হাসপাতাল পরিদর্শনে আসবেন। মন্ত্রীদের আগমনের খবরের পর বৃহস্পতিবার রাত থেকেই হাসপাতালজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার তোড়জোড় শুরু হয়।

রাতের বেলায় হাসপাতালের বিভিন্ন অংশ পরিষ্কার করতে দেখে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আলোচনা শুরু হয়। অনেকের অভিযোগ, মন্ত্রী কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের আগমন উপলক্ষে বিশেষভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়া হলেও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠানে নিয়মিত এ কার্যক্রম নিশ্চিত করা প্রয়োজন।

এক রোগীর স্বজন সোহেল মিয়া বলেন, "মন্ত্রী আসবেন বলে যদি এক রাতেই হাসপাতাল এতটা পরিষ্কার করা যায়, তাহলে নিয়মিত এভাবে পরিষ্কার রাখলে হাসপাতালের পরিবেশ আরও ভালো থাকত।" আরেক রোগীর স্বজন ফারুক আহমদ জানান, হাসপাতাল একটি সেবামূলক প্রতিষ্ঠান, তাই পরিচ্ছন্নতার বিষয়টি নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই নিশ্চিত করা উচিত।

এ বিষয়ে জানতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।