ঝালকাঠির কাঁঠালিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর শাবলের আঘাতে পলাশ হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আউরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পলাশ হাওলাদার নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ডেবরা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। তিনি কাঁঠালিয়ায় শ্বশুরবাড়ির এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং সেখানে একটি ফার্মেসি পরিচালনা করতেন।
নিহতের চাচা নান্না হাওলাদার জানান, পলাশের স্ত্রী লিজা আক্তারের সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের দুটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে তারা কাঁঠালিয়ায় বসবাস করছিলেন। তিনি বলেন, ‘পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। খবর পেয়ে হাসপাতালে ছুটে যাই। সেখানে চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন।’
কাঁঠালিয়া থানার সেকেন্ড অফিসার এসআই সোহেল রানা জানান, ঘটনার পর নিহতের স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।