সৌদিআরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন জানিয়েছেন, প্রবাসীদের ই-পাসপোর্ট নিয়ে ভোগান্তি শিগগিরই কমবে। তিনি মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রিয়াদে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে এক সভায় এ কথা বলেন।

সভায় রাষ্ট্রদূত ই-পাসপোর্ট সেবার বর্তমান পরিস্থিতি ও প্রবাসীদের ভোগান্তি নিয়ে আলোচনা করেন। তিনি জানান, সৌদিআরবে প্রায় দেড় মাস ধরে ই-পাসপোর্ট সেবা চালু রয়েছে। তবে বিভিন্ন কারণে ই-পাসপোর্টের চাহিদা বেড়ে যাওয়ায় প্রাথমিকভাবে কিছু ভোগান্তি সৃষ্টি হয়েছে।

মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, সৌদি আরবের বিভিন্ন প্রদেশে বাংলাদেশ দূতাবাসের জনবল ও সেবা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে, যার ফলে ই-পাসপোর্টের কার্যক্রম নিয়মিত করা সম্ভব হচ্ছে।

তিনি আরও জানান, দূতাবাসের টিম প্রতিদিন প্রায় ২০-২২ ঘণ্টা কাজ করছে, যা প্রবাসীদের পাসপোর্টসংক্রান্ত ভোগান্তি কমাতে সহায়তা করবে। বর্তমানে প্রায় ৮০ শতাংশ ই-পাসপোর্টের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

সভায় রিয়াদ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যম ও চ্যানেলে কর্মরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকরা উপস্থিত ছিলেন।