তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মিলন মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ২ নম্বর কুর্শা ইউনিয়নের অনন্তপুর দক্ষিণ কুর্শা ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ওই এলাকার মো. মানিক মাস্টারের বাড়ির পূর্ব পাশে পাকা সড়কের ওপর থেকে মিলন মিয়াকে আটক করা হয়।

গ্রেপ্তার মিলন মিয়া নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কাঠগাড়ী পাইকারপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. কুদরত। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।