তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জে মাদক সেবনের অভিযোগে আব্দুস সালাম (২৫) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার সয়ার ইউনিয়নের হাজিরহাট কলেজপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত আব্দুস সালাম ওই এলাকার আনিছুল ইসলামের ছেলে।

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাজিরহাট কলেজপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় আব্দুস সালামকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।