রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) একটি অনুষ্ঠানের চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে রসায়ন বিভাগের অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে নবাব আবদুল লতিফ হলের পেছনে এবং সংশ্লিষ্ট দুই বিভাগের একাডেমিক ভবনে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ফেরদৌস হাসান ও সাজিদুর গুরুতর আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, টিএসসিসিতে অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও বিরোধ মেটেনি।
এ ঘটনার পর রসায়ন বিভাগের শিক্ষার্থীরা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের একাডেমিক ভবনে হামলা ও ভাঙচুর করেন। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক রফিকুল ইসলাম জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।