বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় রিফাত (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) বিকেলে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কাহালু উপজেলার বিবিরপুকুর বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত উপজেলার নারহট্ট ইউনিয়নের শিলকওঁর দক্ষিণপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি পার্শ্ববর্তী দুপচাঁচিয়া উপজেলায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি (সেলসম্যান) হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিজ মোটরসাইকেলে করে দুপচাঁচিয়ার দিকে যাচ্ছিলেন রিফাত। পথে বিবিরপুকুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি মালবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করেন।
কাহালু থানার উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।