কক্সবাজারে বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সমুদ্র উপকূলে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকা থেকে মরদেহটি ভেসে আসে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকায় ভ্রমণের সময় ট্রলারটি ডুবির ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জেলেরা নিখোঁজ কিশোরের বাবা জন এডওয়ার্ড (৭৪), মা বেলা (৩৬) ও ভাই রালফকে (১৩) জীবিত উদ্ধার করে। পরে তাদের কোস্টগার্ড কক্সবাজার স্টেশনে হস্তান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, সাগরপথে নিউজিল্যান্ডের নাগরিক এই পরিবারটি বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে নিজেদের তৈরি বোট নিয়ে কক্সবাজারে এসেছিল। কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ আলী জানান, জীবিত উদ্ধার হওয়া তিন নিউজিল্যান্ডের নাগরিক বর্তমানে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে রয়েছেন।