নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে পৌঁছেছে। বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে আটটার তথ্য অনুযায়ী, নেপাল পুলিশ এই প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে।
বন্যার ফলে হিমালয় ঘেরা বিভিন্ন জেলায় পাহাড়ি ঢল ও কাদা ধসে বাড়িঘর ভেসে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চিতবন জেলায়, যেখানে ৩৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এছাড়া গোর্খা জেলায় ১৯ জন, ধাদিং জেলায় ১৮ জন এবং নুয়াকোট ও নওয়ালপুর জেলায় ১১ জন করে মারা গেছেন। তানাহুন জেলায় সাতজন এবং রসুয়া জেলায় একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
আক্রান্ত জেলাগুলোতে উদ্ধারকারী দলগুলোর তৎপরতা অব্যাহত রয়েছে। তবে বন্যার পানি ও কাদার কারণে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্গম এলাকায় পৌঁছাতে উদ্ধারকারীদের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে, সময়ের সাথে সাথে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।