বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) র‌্যাগিংয়ের অভিযোগে ২৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড। মঙ্গলবার (২৫ আগস্ট) অভিযুক্ত শিক্ষার্থীদের কাছে নোটিশ পাঠানো হয়েছে।

শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব মেহেদী হাসান সোহাগ জানিয়েছেন, নোটিশ পাওয়া ২৪ জনের মধ্যে মার্কেটিং বিভাগের ১৪ জন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১০ জন শিক্ষার্থী রয়েছেন।

মার্কেটিং বিভাগের অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন- এস. এম. সাইফুজ্জামান, ঐশী মহন্ত, সুরাইয়া আক্তার, কিশোর কুমার দত্ত, জান্নাতুল বুশরা জুনি, মেহেদী হাসান অমি, নূরনবী, আলিফ হোসেন নয়ন, আজিজুল ইসলাম চয়ন, খালেদ হোসেন, রিফাত হাওলাদার, সৌরভ মালি ও হাসিব শেখ।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১০ শিক্ষার্থী হলেন- মো. রাকিবুল ইসলাম, মাহি আনোয়ার, সুমাইয়া আক্তার রিয়া, মো. নাঈম ইসলাম, সাদিয়া ইসলাম, মো. আরিফুল ইসলাম, মো. ওয়েদুজ্জামান রিফাত, ইয়ামিন হোসেন, ফারিয়া বিনতে হোসেন ইলমা ও মো. কাজী নাবির।

মেহেদী হাসান সোহাগ বলেন, র‌্যাগিংয়ের অভিযোগের প্রেক্ষিতে নোটিশ দেওয়া হয়েছে এবং নোটিশের জবাব পাওয়ার পর অভিযুক্তদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে ২৩ আগস্ট দৈনিক কালবেলায় র‌্যাগিংয়ের বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়, যার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়।