জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা সাইয়্যেদ আবুল আ’লা মওদুদীর মতাদর্শের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কওমি ঘরানার আলেম ও রাজনৈতিক দলের নেতারা। তারা বলেছেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা-বিশ্বাসের বিষয়ে কোনো আপস করা যাবে না। একই সঙ্গে কওমি ঘরানার দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মাল্টিপারপাস হলে জাতীয় উলামা-মাশায়েখ কনভেনশনে বক্তারা এসব কথা বলেন। কনভেনশনের আয়োজন করে ইমান আকিদা সংরক্ষণ কমিটি, যা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা-বিশ্বাস সংরক্ষণে গণসচেতনতা সৃষ্টি, হেযবুত তওহীদের কার্যক্রম নিষিদ্ধ করা এবং সংসদে পাস হওয়া শ্রম আইন বাতিলের দাবি জানায়।
কনভেনশনে হেফাজতে ইসলাম ও দেওবন্দ ঘরানার বিভিন্ন আলেম বক্তব্য দেন। বক্তাদের কয়েকজন কওমি অঙ্গনে জামায়াতের ‘অনুপ্রবেশ’ ঘটছে বলে অভিযোগ করেন। তারা বলেন, এ বিষয়ে কওমি অঙ্গনের আলেম ও রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে।
বক্তারা আরও বলেন, জামায়াতের নেতৃত্বে ইসলামপন্থী দলগুলোর কোনো ধরনের রাজনৈতিক ঐক্য করা উচিত নয়। আকিদা-বিশ্বাসের প্রশ্নে আপস করলে কওমি অঙ্গনের স্বাতন্ত্র্য ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও মন্তব্য করেন তারা।
কনভেনশনে মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার প্রতিবাদ জানান আলেমরা। তারা হেযবুত তওহীদের কার্যক্রম ও প্রচারণা নিষিদ্ধ করার, আহমদিয়া মুসলিম জামায়াতকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার এবং সংসদে পাস হওয়া শ্রম আইন বাতিলের দাবি জানান।
হেফাজতে ইসলামের নায়েবে আমির আল্লামা আবদুল হামিদ (মধুপুরের পীর) বলেন, যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে গণ্য করে না, তারা ইসলামের শত্রু। তিনি সরকারের প্রতি শামীম কায়সার লিংকনকে অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার এবং ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে হানাফি মাজহাবের যোগ্য কাউকে নিয়োগ দেওয়ার আহ্বান জানান।