পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর একটি ঐতিহাসিক কারিগরি প্রশিক্ষণকেন্দ্র দখল করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কালান্দিয়া প্রশিক্ষণকেন্দ্রে প্রবেশ করে তারা এই দখলদারিত্ব কায়েম করে।

ইউএনআরডব্লিউএ সূত্রে জানা গেছে, অন্তত চারটি সাঁজোয়া যান এবং অর্ধশতাধিক সশস্ত্র ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা প্রশিক্ষণকেন্দ্রে প্রবেশ করেন। ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রশিক্ষণ ক্যাম্পাসের একটি ছবি প্রকাশ করে দাবি করেন, ‘ইউএনআরডব্লিউএ এখন আমাদের দখলে।’

কালান্দিয়ার এই স্থাপনাটি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ইউএনআরডব্লিউএ-র প্রতিষ্ঠিত সবচেয়ে পুরোনো কারিগরি শিক্ষাকেন্দ্র, যা আন্তর্জাতিক আইনের অধীনে জাতিসংঘের সংরক্ষিত ও সুরক্ষিত স্থাপনা হিসেবে স্বীকৃত। সংস্থাটি এই সশস্ত্র অনুপ্রবেশের তীব্র প্রতিবাদ জানিয়েছে।

পশ্চিম তীরে জাতিসংঘের এই সংস্থার পরিচালক রোল্যান্ড ফ্রিডরিখ ইসরায়েলি বাহিনীর পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছেন। তিনি পূর্ব জেরুজালেমে জাতিসংঘের স্থাপনার অখণ্ডতা রক্ষা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এই ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে। তারা বলেছে, জাতিসংঘের প্রশিক্ষণকেন্দ্রে এমন অভিযান ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ধারাবাহিক আগ্রাসনের অংশ। সংগঠনটি ইসরায়েলের এই পদক্ষেপ বন্ধে জাতিসংঘসহ বৈশ্বিক শক্তিগুলোর কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে।