ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল করে এক পরিবারের নবজাতককে অন্য পরিবারের কাছে হস্তান্তরের ঘটনা ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে রাতেই নবজাতককে ফিরিয়ে আনা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে দুই পরিবারের কাছে তাদের নিজ নিজ সন্তান বুঝিয়ে দেওয়া হয়েছে। সোমবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সময় এ ভুলের ঘটনা ঘটে। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার নাদিরা ও মাসুদ ইসলাম দম্পতির কন্যাসন্তান এবং গৌরীপুর উপজেলার আবু রায়হান ও নাদিরা দম্পতির কন্যাসন্তান একই দিনে জন্মগ্রহণ করে।

গৌরীপুরের পরিবারের সদস্যরা জানান, সোমবার বেলা ১১টার দিকে শিশুটির মা এনআইসিইউতে গিয়ে সন্তানকে দুধ পান করান। পরে শিশুটিকে ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। তবে এনআইসিইউতে ভর্তির সময় দেওয়া টোকেন পেতে দেরি হওয়ায় সন্ধ্যা ছয়টার দিকে নবজাতক নিতে যান।

এ সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তাদের কাছে একটি নবজাতক হস্তান্তরের চেষ্টা করেন, কিন্তু শিশুটির চেহারার সঙ্গে তাদের সন্তানের মিল না থাকায় সন্দেহ হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে যাচাই শুরু করে এবং জানা যায়, গৌরীপুরের পরিবারের নবজাতককে ভুল করে সরিষাবাড়ীর পরিবারের কাছে দেওয়া হয়েছে।

হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম জানান, দুই নবজাতকের মায়ের নাম একই হওয়ায় সমস্যাটি হয়েছিল। বিষয়টি ধরা পড়ার পর রাতেই নবজাতককে ফিরিয়ে আনা হয়। তিনি বলেন, এ ঘটনায় যাঁদের দায়িত্বে অবহেলা ছিল, তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।