চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী মো. আরমান উদ্দিনের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসা প্রতিষ্ঠান দখল ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। রোববার চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তারের আদালতে মামলাটি করেন প্রবাসী ব্যবসায়ী আমির হোসেন।
মামলায় অন্য আসামিরা হলেন লোহাগাড়া সদর এলাকার শওকত আলী, আদিল, আনোয়ার ও জয়নাল আবেদীন। আদালত মামলাটি গ্রহণ করে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছেন। সোমবার বিষয়টি জানাজানি হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, লোহাগাড়ার আজিজ কমপ্লেক্সে আমির হোসেনের একটি চারতলা ভবন রয়েছে। সেখানে আরমান উদ্দিনের নেতৃত্বে তার ভাই আরিফ উদ্দিন ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। অভিযোগ রয়েছে, তারা ভিন্ন এলাকার মানুষকে হুমকি দিয়ে চাঁদা আদায় করতে চেয়েছিলেন।
৩ এপ্রিল রাতে আরমান উদ্দিন মোবাইল ফোনে আমির হোসেনের কাছে চাঁদা দাবি করেন। ওই রাতেই আসামিরা আজিজ কমপ্লেক্সের নিচতলার দোকান ভেঙে মালামাল লুট করে এবং দোকানের ক্যাশ থেকে টাকা নিয়ে যান। অভিযোগে আরও বলা হয়েছে, ২০ আগস্ট ফের তারা ওই ভবনে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
অভিযোগ অস্বীকার করে আরমান উদ্দিন বলেন, তিনি সৌদি আরবে অবস্থান করছেন এবং মোবাইল ফোনে হুমকির কোনো প্রমাণ থাকলে তা প্রকাশ করার জন্য বলেন। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানিয়েছেন, আদালতের নির্দেশনা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।