যশোরের কেশবপুরে বাবার মরদেহ বাড়িতে রেখে জমি ও কবরস্থানের জায়গা নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সন্যাসগাছা গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্যাসগাছা গ্রামের বাসিন্দা আব্দুল খালেক মান (৯০) দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার সকালে মারা যান। মৃত্যুর পর বাবার মরদেহ দাফনের জন্য বড় ছেলে মাহাবুর রহমান কবর খুঁড়তে যান। এ সময় ছোট ভাই আছাবুর রহমান এসে কবর খোঁড়ায় বাধা দেন এবং জমির মালিকানা দাবি করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই ভাই ও তাদের পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
মারামারিতে বড় ভাই মাহাবুর রহমান, তার স্ত্রী মমতাজ বেগম, মেয়ে লিলিমা খাতুন এবং ছোট ভাই আছাবুর রহমান ও তার স্ত্রী হালিমা বেগম আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সংঘর্ষের কারণে বৃদ্ধের দাফনকাজ আটকে যায়।
পারিবারিক বিরোধের প্রেক্ষাপট থেকে জানা যায়, চার-পাঁচ বছর আগে আব্দুল খালেক তার জমি বড় ছেলে মাহাবুরের নামে লিখে দেন। পরে মাহাবুর নতুন বাড়ি তৈরি করে সেখানে বসবাস শুরু করেন এবং ছোট ভাই আছাবুর ওই জমি কিনে সেখানে বসতি গড়েন। সোমবার বাবার মৃত্যুর পর জমির কবরস্থানে দাফন নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ সংঘর্ষে রূপ নেয়।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেকসানা খাতুন জানান, জমি ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের কারণে মারামারিতে কয়েকজন আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে স্থানীয়দের সহযোগিতায় বৃদ্ধের মরদেহ দাফন করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।