ভারতজুড়ে সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) আবারও বড় ধরনের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে। সোমবার (২৪ আগস্ট) দলটির জাতীয় ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে পরবর্তী কর্মসূচি নির্ধারণের জন্য।

সিজেপির অভিযোগ, আগের আন্দোলন স্থগিত করার সময় সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলোর গুরুত্বপূর্ণ অংশ এখনও পূরণ হয়নি। নতুন করে দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলনের প্রস্তুতি নিতে শিক্ষার্থী, তরুণ ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে দলটি।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সিজেপি বিশেষ করে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের লিখিত প্রতিশ্রুতি এখনও দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে।

সিজেপির নেতারা জানিয়েছেন, সোমবারের বৈঠকে সরকারের প্রতিশ্রুতি কতটা পূরণ হয়েছে তা পর্যালোচনা করা হবে এবং পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে। গত ২৫ জুলাই সরকারি আশ্বাসের ভিত্তিতে তাদের প্রাথমিক আন্দোলন স্থগিত করা হয়েছিল।

দলটি বলেছে, শান্তিপূর্ণ আন্দোলন শেষ করার প্রতিশ্রুতি দিয়ে মোদি সরকার তাদের সদিচ্ছাকে দুর্বলতা মনে করলে তা গ্রহণযোগ্য হবে না।