নারায়ণগঞ্জের বন্দরে গ্যারেজে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার হৃদয়কে (২৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। তার বিরুদ্ধে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতির নয়টি মামলা রয়েছে।

রোববার (২৩ আগস্ট) রাত ২টা ৫ মিনিটের দিকে ফতুল্লা থানার ভূঁইঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হৃদয় বরিশালের মুলাদী থানার আলিমাবাদ এলাকার আব্দুর রব হাওলাদারের ছেলে।

র‌্যাব জানায়, গত ১ জুলাই ভোর সাড়ে ৪টার দিকে বন্দরের আন্দিরপাড় এলাকায় সাহেরা গার্ডেন সংলগ্ন মরিয়ম অটো-সিএনজি গ্যারেজে ৮-৯ জনের একটি ডাকাত দল হানা দেয়। তারা গ্যারেজের মেইন গেট ভেঙে ভেতরে ঢুকে ম্যানেজার ফয়সালসহ কয়েকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে রশি ও কাপড় দিয়ে তাদের হাত-পা ও মুখ বেঁধে রেখে গ্যারেজে থাকা ১০৬টি ব্যাটারি, নগদ ২২ হাজার টাকা ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়।

র‌্যাব-১১ অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান বলেন, মামলাটি তদন্তের পাশাপাশি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ ও র‌্যাব-৩-এর যৌথ অভিযানে হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হৃদয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।