ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৪ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন অপতৎপরতায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। রোববার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই প্রতিবেদন জমা দেওয়া হয়।

জানা যায়, একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে এই তদন্ত কমিটি গঠন করা হয়। সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের সম্পাদক বরাবর অভিযুক্ত শিক্ষকদের তথ্য চেয়ে আবেদন করা হয়েছে। সেখানে তাদের কনভারসেশনের স্ক্রিনশট এবং কর্মকাণ্ডের সকল তথ্য চাওয়া হয়েছে।

তদন্তের প্রেক্ষিতে, ৪৪ শিক্ষকের নাম উল্লেখ করা হলেও প্রকাশিত সংবাদের তালিকা থেকে ইবির শিক্ষকদের মধ্যে প্রায় ২৫ জনের নাম পাওয়া গেছে। অভিযুক্তদের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অনুযায়ী অবৈধ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তদন্ত কমিটির সদস্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, এটি তদন্তাধীন বিষয় এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য কমিটির আহ্বায়ক জানাবেন।

তদন্ত কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তদন্তাধীন বিষয়ে তথ্য প্রকাশের নিয়ম না থাকায় তিনি এর বেশি কিছু বলতে পারেননি।