সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা ইউনিটের ডিলারদের জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। সম্প্রতি বিএফএ চেয়ারম্যান মো. মোশারফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ডিলারদের নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা দেওয়া, সার উত্তোলন এবং নিজ নিজ গুদামে পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে হবে। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তাকে সারের আগমনী বার্তা নিয়মিত অবহিত করা, বিক্রয় রেজিস্টার সংরক্ষণ এবং অতিরিক্ত মূল্যে সার বিক্রি ঠেকাতে নিয়মিত তদারকি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিএফএ স্পষ্ট করে জানিয়েছে, কোনো অসাধু মহল কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে সার বিক্রি করলে এবং তার দায় ডিলারদের ওপর চাপানোর চেষ্টা করলে তা বরদাস্ত করা হবে না। ডিলারদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া, স্থানীয় কৃষি অফিস ও প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখে কার্যক্রম পরিচালনার তাগিদ দেওয়া হয়েছে। বিএফএ হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে, এসব নীতিমালা বা নির্দেশনার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট ডিলারদের ডিলারশিপ বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।