সুদানের উত্তর কর্ডোফান রাজ্যের দুটি গ্রামে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। হামলার পর এক হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বৃহস্পতিবার সুদান ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার উত্তর কর্ডোফান রাজ্যের রাজধানী এল ওবেইদের প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে উম দ্রেইসা ও আল-শাকলা গ্রামে হামলা চালানো হয়। হামলায় আরও কয়েকজন আহত বা নিখোঁজ হয়েছেন বলে নিরাপত্তা সূত্রের বরাতে জানানো হয়েছে।

উত্তর কর্ডোফানের এক কর্মকর্তা জানান, হামলার পর এক হাজারের বেশি মানুষ পায়ে হেঁটে এল ওবেইদে পৌঁছেছেন। তাদের মধ্যে ২১৫টি পরিবার রয়েছে, যাদের মধ্যে নারী, শিশু ও বয়স্করাও রয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, অনেকে কয়েক কিলোমিটার পথ হেঁটে শহরে পৌঁছেছেন এবং পরে তাদের কয়েকজনকে বাস্তুচ্যুতদের শিবিরে পাঠানো হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে শহরের দক্ষিণ ও পশ্চিমের গ্রামগুলোর বাসিন্দাদের ওপর আরএসএফ নির্যাতন চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে যুদ্ধ চলছে। আরএসএফকে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার বিষয় নিয়ে বিরোধ থেকেই এই সংঘাত শুরু হয়। দীর্ঘদিনের এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।