নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘আপাদমস্তক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব’ হিসেবে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাষ্ট্রপতি পদের জন্য মির্জা ফখরুলের চেয়ে ভালো পছন্দ আর হতে পারে না।

আজ বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী ঘোষণার পর সংসদ ভবনের মূল ফটকে সাংবাদিকদের কাছে এ কথা বলেন আমীর খসরু। তিনি মির্জা ফখরুলের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

অর্থমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগাগোড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ সংগ্রাম অতিক্রম করে, জেল-জুলুম সহ্য করে এবং স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন।’

তিনি আরও বলেন, ‘যে আন্দোলন-সংগ্রামের বিনিময়ে আমরা আজকের গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পেয়েছি, সেই সংগ্রামে মির্জা ফখরুলের ভূমিকা অগ্রভাগে ছিল।’

অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে শেষ কবে সত্যিকার অর্থে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল, জনগণ তা ভুলেই গেছে। আজকের নির্বাচিত সংসদে প্রেসিডেন্ট নির্বাচন হওয়া আমাদের জন্য বড় পাওয়া।’

তিনি বলেন, ‘গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে হবে, যাতে প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়ন করতে পারেন।’