নরসিংদীর বেলাবোতে মাদক সেবনকালে শামসুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবলসহ চারজনকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার বেলাবো সদরের ইউনিয়নের মাটিয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মাটিয়ালপাড়া এলাকার একটি বাগানবাড়িতে মাদক কারবারিদের সঙ্গে পুলিশ কনস্টেবল শামসুল ইসলামসহ কয়েকজন মাদক সেবন করছিলেন। স্থানীয় জনতা টের পেয়ে বাগানবাড়িটি ঘেরাও করে তাদের হাতেনাতে আটক করে। পরে খবর পেয়ে থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আটককৃতদের মধ্যে রয়েছেন বেলাবো থানার পুলিশ কনস্টেবল শামসুল ইসলাম, উজ্জল মিয়া (৩৭), রকি (২৮) ও মো. বাদল (৩৭)। বেলাবো থানার ওসি এস এম আমান উল্লাহ জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ওসি আরও বলেন, অপকর্ম বা মাদকের সাথে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। উল্লেখ্য, এর আগে ২৭ এপ্রিল উপজেলার খামারের চর এলাকা থেকে জীবন নামে এক কনস্টেবলকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছিল।