মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে হরমুজ প্রণালি নিয়ে সমঝোতার পথে ওমান বাধা হয়ে দাঁড়ালে দেশটির ওপর হামলা চালানোর হুমকি দিয়েছেন। তিনি একই সঙ্গে ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানান।

স্থানীয় সময় সোমবার (১৭ আগস্ট) ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ওমান পথে বাধা হয়ে দাঁড়ালে আমরা তাদের ওপর হামলা চালাব।’ তিনি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে চলমান আলোচনার প্রসঙ্গে এ মন্তব্য করেন।

ইরান ও ওমানের কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালি দিয়ে ভবিষ্যতে জাহাজ চলাচলের নিয়মকানুন নিয়ে আলোচনা করছেন। তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশ একটি যৌথ ঘোষণাপত্র তৈরির কাজ করছে।

ট্রাম্প বারবার দাবি করে আসছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকা উচিত। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ইরান কার্যত প্রণালিটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

এদিকে, ট্রাম্প ইরানকে ‘সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ’ করার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী জনমত বাড়লেও দ্রুত চুক্তিতে পৌঁছানোর বিষয়ে কোনো তাড়াহুড়ো নেই বলে জানিয়েছেন তিনি।