শিবপুর শ্রেণিকক্ষেই এক ছাত্র আরেক ছাত্রকে ঘুষি, শিক্ষকদের নিষ্ক্রিয়তার অভিযোগ।

নরসিংদী প্রতিনিধি।

নরসিংদীর শিবপুরে হাজী ইসমাঈল মডেল স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষের ভেতরেই ৭ম শ্রেণির এক ছাত্র অন্য এক ছাত্রকে ঘুষি মেরে আহত করার ঘটনা ঘটেছে। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, অভিযুক্তের এমন জঘন্য আচরণের সময় উপস্থিত শিক্ষকরা কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনায় আহত সামির (১৪) গুরুতর আঘাত পেয়েছে এবং তাকে দ্রুত হাসপাতালে চিকিৎসা নেয়। আহত ৭ম শ্রেণির সামির (১৪) চক্রধা ইউনিয়নের নিনগাঁও এলাকার সাবির উদ্দিনের ছেলে। এ বিষয়ে বুধবার (২২ অক্টোবর) আহত শিক্ষার্থীর মা মোসাঃ মোছলেমা বেগম শিবপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে জানা যায়, মঙ্গলবার (২১ অক্টোবর) ১২ টার দিকে শ্রেণি কক্ষেই আহত সামিরের সহপাঠী রাহাত কিল ঘুষি মেরে অজ্ঞান করে ফেলে। পরে অন্যান্য সহপাঠীরা পানি দিয়ে ও প্রাথমিক চেষ্টায় জ্ঞান ফিরে। এরপর প্রধান শিক্ষক আঃ ছাত্তার ও সহকারী শিক্ষক সেলিম এর কাছে গেলে তারা আহত ছাত্রকে বাড়িতে পাঠিয়ে দেয়। পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে শিবপুরে সরকারি হাসপাতালে নিয়ে যায় এবং পরে নরসিংদী থেকে পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা নেয়। কিন্তু গতকাল ঘটনার পর থেকে এই পর্যন্ত শিক্ষকরা ঐ ছাত্রের খোঁজ খবর নেয়নি। এবং আহতের পরিবার প্রধান শিক্ষককের নিকট নালিশ দিলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বলে ভুক্তভোগীর মায়ের অভিযোগ।

সহকারী শিক্ষক সেলিম বলেন, দুই ছাত্রকেই মীমাংসা করে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এবং আমি তো খোঁজ খবর নিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে হাজী ইসমাঈল মডেল স্কুল অ্যান্ড কলেজ এর প্রধান শিক্ষক আঃ ছাত্তার জানান, এটা আমি দুই ছাত্রকেই ডেকে মীমাংসা করে দিয়েছি। এরপর বিষয়টি এত দূর গড়াবে তা আমি ভাবিনি।

এ ব্যাপারে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াছমিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য পাঠিয়েছি।