মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগ নেতা মোজাম্মেল শিকদারকে পুলিশ আটক করার পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত ১৫ আগস্ট কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ২২ নম্বর সদস্য মোজাম্মেল শিকদারকে থানায় নেওয়ার পর গভীর রাতে ছেড়ে দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, মোজাম্মেল শিকদারকে আটক করার পেছনে শিবচর উপজেলা বিএনপির এক দায়িত্বশীল নেতার তদবির ছিল। তিনি কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইব্রাহিম শিকদারের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে ২০২৫ সালের ১১ মে শিবচর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় তাকে ৭৫ নম্বর আসামি করা হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘তদন্তের প্রয়োজনে তাকে থানায় ডেকে আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা নেই।’

এদিকে, জেলা ছাত্রদলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, মোজাম্মেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। তবে কেন তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তা জানা যায়নি।

মোজাম্মেল শিকদারকে আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রকৃত ঘটনা প্রকাশের দাবি জানিয়েছেন।