দীর্ঘ ২৫ বছরের ফুটবল ক্যারিয়ারে ইতি টানার ইঙ্গিত দিয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন, ‘সম্ভবত’ এ বছরই হবে তার পেশাদার ফুটবলের শেষ বছর। খবরটি প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক দৈনিক পত্রিকা দ্য গার্ডিয়ান।
রোববার (১৬ আগস্ট) ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘এটাই আমার ফুটবলের শেষ বছর। আমি একটি অসাধারণ উত্তরাধিকার রেখে যেতে চাই।’ ক্লাব ও জাতীয় দলের হয়ে ৯৫০টির বেশি গোল করা রোনালদো ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে পরিচিত।
ফুটবল ছাড়ার পরের জীবন নিয়ে পরিকল্পনা রয়েছে বলেও জানান রোনালদো। তিনি বলেন, ফুটবল ছেড়ে দিলে জীবনে বড় একটি শূন্যতা তৈরি হবে, তাই ভ্রমণ ও প্যাডেল টেনিসসহ বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখতে চান।
সম্প্রতি দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন রোনালদো। ২৫ বছরের ক্যারিয়ারে অনেক ত্যাগ স্বীকার করার কথা উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত যা অর্জন করেছেন, তা উপভোগ করতে চান। বর্তমানে সৌদি ক্লাব আল-নাসরের হয়ে খেলছেন তিনি।
এ বছরের বিশ্বকাপে পর্তুগালের হয়ে শেষ ষোলোতে খেলার পর নতুন সৌদি প্রো লিগ মৌসুমে আল-নাসরের হয়ে মাঠে নামার কথা রয়েছে রোনালদোর।