জামায়াত-শিবির ‘জালিম সংগঠনে’ পরিণত হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের জামায়াতের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
রবিবার (১৬ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে রাশেদ খান বলেন, ‘পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হচ্ছে, জামায়াত-শিবির পুরোপুরি জালিম সংগঠনে পরিণত হয়েছে।’ তিনি কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ‘রক্তাক্ত’ করার অভিযোগ তুলে বলেন, এর পরদিনই জামায়াত-শিবির ‘পেশীশক্তির মহড়া’ দিয়েছে।
রাশেদ খান আরও বলেন, অতীতে বিরোধী দলকে সবসময় মজলুম ও বিনয়ী হিসেবে দেখা গেলেও প্রধান বিরোধী দল হওয়ার পর জামায়াত আওয়ামী লীগের ‘সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে’। তিনি সতর্ক করেন যে, জামায়াত ভবিষ্যতে ক্ষমতায় গেলে ভিন্নমতকে ন্যূনতম স্পেস দেবে না।
গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের জামায়াতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি দলের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনের প্রশংসা করেন। রাশেদ খান আশা প্রকাশ করেন যে, গণঅধিকার পরিষদের কেউ ভবিষ্যতে ‘জামায়াতি বয়ানে’ বক্তব্য দেবেন না।
তিনি জামায়াত ও তাদের সেক্রেটারি জেনারেলের গণঅধিকার পরিষদকে নিয়ে দেওয়া বক্তব্যের সমালোচনা করেন এবং বলেন, ‘আমি এর তীব্র নিন্দা জানাই।’ রাশেদ খান দাবি করেন, ‘এই দেশের গণতান্ত্রিক সংগ্রাম ও ফ্যাসিবাদের পতনে দল হিসেবে জামায়াতের তুলনায় গণঅধিকার পরিষদের অবদান বেশি।’