দুই বছর আগে নবম শ্রেণিতে নিবন্ধিত হয়েও এবারের এসএসসি ও সমমানের ফরম পূরণের সময় প্রায় সাড়ে চার লাখের বেশি শিক্ষার্থী ঝরে পড়ার অভিযোগ উঠেছে। তাদের মধ্যে অনেকেই নির্বাচনি বা টেস্ট পরীক্ষায় পাশ করেছিল, তবে নম্বর তুলনামূলক কম পাওয়ায় কিছু শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদের ফরম পূরণের সুযোগ দেয়নি।

গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এই অভিযোগগুলো সামনে আসে। বিষয়টি খতিয়ে দেখতে শিক্ষা বোর্ডগুলো তদন্ত শুরু করেছে। অভিযুক্ত কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলছে।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, এবারের শতভাগ পাশ ৬৬৯ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করা হবে। বৈঠকের মাধ্যমে শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষার ফলাফল, রেজিস্ট্রেশন ও ফরম পূরণের নথি যাচাই করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, নবম শ্রেণিতে নিবন্ধন করেও এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ না করার কারণ খুঁজে বের করে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হবে।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে ১৪ লাখ ৪৮ হাজার ৫১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে, কিন্তু ২ লাখ ২৮ হাজারের বেশি শিক্ষার্থী ফরম পূরণ করেনি। শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী, নির্বাচনি পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীদের ওপর জিপিএর শর্ত চাপিয়ে বাদ দেওয়া যাবে না।