বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের সমালোচকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পেছনে ফ্যানের বাতাস খাচ্ছে, হাতে হারিকেন নিয়ে বসে বলছে—গ্যাস দে, বিদ্যুৎ দে; এগুলো হঠকারিতা।’

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া-মোনাজাত ও দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ সমালোচনা করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, বিরোধীদল যদি তিন থেকে ছয় মাসের মধ্যে গ্যাস-বিদ্যুতের সংকট সমাধান দিতে পারে, তাহলে সরকার তাদের পরিকল্পনা গ্রহণ করবে।

তারেক রহমান বলেন, ‘বিভ্রান্তি, হঠকারী রাজনীতি বাদ দেন। জনগণের উপকার হবে সেই রকম পরিকল্পনা থাকলে উপস্থাপন করুন।’ তিনি আরও বলেন, ‘মুরদ থাকলে কোদাল হাতে মাঠে নামুন, জনগণের জন্য কাজ করুন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা আজ বড় বড় কথা বলছে, ১৭ বছর জনগণ আপনাদের রাজপথে দেখেনি। পত্রিকা বের করুন, আমাদের দলের নেতাকর্মীরা কীভাবে ১৭ বছর নির্যাতন সহ্য করেছে দেখুন।’