জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির দুই সদস্যকে ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অব্যাহতি প্রাপ্ত সদস্যদের মধ্যে এহতেশামুল হক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী এবং ফয়েজ হাওলাদার রাজনীতি বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী। উভয়েই জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর জানান, ১৫ আগস্ট উপলক্ষে শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, "ছাত্রদলের সাংগঠনিক ও আদর্শিক অবস্থান থেকে আমরা এটিকে আদর্শিক বিরোধিতা হিসেবে বিবেচনা করি।"